Image description

কিশোরগঞ্জের নিকলীর থানা-হাজত থেকে বাবার করা মামলায় আটক এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম রুবেল মিয়া (২২)। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে নিকলী থানার হাজতখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুবেল উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বাবার করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা-হাজতে রাখা হয়।’

ওসি আরও জানান, ‘পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিল ও গলার সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, ‘আমার ছেলে এই বয়সেই মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠাই। তিন মাস কারাভোগ করেও তার কোনো পরিবর্তন হয়নি। আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। আজ সকালে আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে।’