Image description

রাজধানীর উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত মোট চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত ও স্টেশনসংলগ্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

 

 

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সচেতন করা হয়।

 

ডিএমটিসিএলের দাবি, অভিযানের ফলে এলাকাটি দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।

 

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে