Image description

সমাজকে মাদকের কড়াল গ্রাস ও অবক্ষয় থেকে রক্ষা করতে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। জেলাটিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে আইনি লড়াই বা কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

​বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সামাজিক অবক্ষয় আশঙ্কাজনক রূপ নিয়েছে। এই সামাজিক বিপর্যয় রুখতে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 'আলোকিত লালমনিরহাট' নামে একটি সামাজিক আন্দোলন শুরু করেছেন।

​তিনি জানান, এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অমান্যকারী আইনজীবীর বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকেও ‘মাদকসেবী’ হিসেবে গণ্য করা হবে।

​আইনজীবী সমিতিতে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে সভাপতি বলেন, এখানে বিএনপি বা আওয়ামী পন্থী বলে কোনো কথা নেই। সমিতির সকল সদস্য একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো সম্ভাবনা রয়েছে।

​এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন,  গ্রেপ্তার আসামিরা চাইলে আইনজীবী ছাড়াই নিজেরা সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনি লড়াই করতে পারবেন। সে ক্ষেত্রে সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

​সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির শীর্ষ নেতারা ছাড়াও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।