Image description

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে তাদের পাঠানো হয়।

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ।

 

জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের তোবা কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন—রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিক চর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) ও কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ এশিয়া পোস্টকে জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।