আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়েছে।’
অধিদপ্তরের আরেক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
এর আগে, গত ১ জুলাই মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
গত এপ্রিল মাসে সারা দেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও প্রায় আড়াই মাস পর এ ফল প্রকাশ করা হচ্ছে।