দেশে ছানি অপারেশনের অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে ভোগা প্রায় ১০ লাখ মানুষের ছানি অপারেশন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ দপ্তরে অন্ধত্ব প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএপিবির প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ লাখ মানুষ শুধু ছানি অপারেশনের অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী কিংবা অন্ধত্বের শিকার। এই বিশাল জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনাই সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য বিনা মূল্যে এবং অন্যদের স্বল্পমূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশনের পর প্রয়োজনীয় লেন্স বিনা মূল্যে দেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ এই সম্মেলনের সহ-আয়োজক হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।
পিটার হল্যান্ড বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ খাতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।