আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আগামী বছরের অক্টোবরের মধ্যে এ নির্বাচন শেষ হবে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোড ম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন।’ তিনি অতিরিক্ত বিদ্যুৎবিল নিয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎবিল আসার ব্যাপারে অভিযোগ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করা অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে কিনা, এখন সে আলোচনা চলতে পারে।
তিনি আরও বলেন, ‘দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে তথ্য ভান্ডার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে জড়িতদের সচেতন করার পাশাপাশি, অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত হবে। এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’