দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহত শিশুর বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩২) আহত হয়েছেন।
বীরগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার পাঁচপীর মোড়ে মহাসড়কে পৌঁছালে পেছন থেকে মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পিকআপটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।
শীর্ষনিউজ