Image description

নড়াইলে পাথর বোঝাই ট্রাক ঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় শামীমা আক্তার সেতু নামে এক স্কুল ছাত্রী নিহত হয়। এসময় তার ছোট বোন মিতু আহত হয়েছে। লোহাগড়া উপজেলার নলদী গ্রামে রবিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু (১৪) ওই গ্রামের হাফিজার মোল্যার মেয়ে ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু স্থানীয় একটি নুরানী মাদরাসার শিক্ষার্থী।

পরিবার জানায়, কাঁচামাল দোকানী হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা টিনের ঘরের ওপরে পড়ে। এ সময় সেতু ও মিতু ট্রাকের থাকা পাথরের নিচে চাপা পড়ে। শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করে। ছোট বোন মিতু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এবিষয়ে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।