আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত ৩০ জুনের পরিবর্তে এই সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এই তথ্য জানা গেছে।
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের এই চার প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ প্রণয়ন করেছে ইসি। চলতি জুলাই মাসের মধ্যেই এই রোডম্যাপগুলো চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন ছিল। সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি, তাহলে পেছনে যেতে অসুবিধা নেই।’
তিনি আরও জানান, কর্মকর্তারা ইসিকে একটি সুনির্দিষ্ট চার্ট বা রোডম্যাপ দিয়েছেন, যেখানে কোন কাজ কখন সম্পন্ন করতে হবে এবং ভোটার তালিকা কোন সময় পর্যন্ত চূড়ান্ত করা যাবে, তা স্পষ্টভাবে উল্লেখ আছে।
নির্বাচন কমিশনার আরও স্পষ্ট করেন যে, ৩১ জুলাই পর্যন্ত যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তাদের সবাইকে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ করা হবে এবং তারা আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর এই বর্ধিত চূড়ান্ত ভোটার তালিকার ওপর ভিত্তি করেই পরবর্তীতে নির্বাচন কমিশনকে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে।