বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার আর্জেন্টিনার জার্সি পরা রাসেল হাওলাদারকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়।
এর আগে, সোমবার (২৯ জুন) বিকেলে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। তিনি মাদক কারবারি বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, আটকের সময় রাসেলের পরনে আর্জেন্টিনার জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ তার জার্সি উল্টো করে ছবি তুলে মিডিয়া সেলে পাঠায়। এরপর এআই প্রযুক্তির মাধ্যমে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি পরিয়ে সেই ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও ছবি পরিবর্তনের অভিযোগ তোলেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য মিডিয়া সেল হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে পুনরায় পাঠানো হয়।
এ বিষয়ে এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, কমিশনারের নির্দেশে এসআই তানজিলকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।