Image description

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন ফরম জমা নেওয়া শুরু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হলেও প্রথম দিনে কেন্দ্রগুলোতে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি।

দীর্ঘ সময় পর পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের বড় ধরনের উপস্থিতি হবে বলে অনেকে ধারণা করলেও রাজধানীর ভিসা সেন্টারগুলোতে সকালজুড়ে ছিল স্বাভাবিক পরিবেশ।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে দেখা যায়, আবেদনকারীদের উপস্থিতি তুলনামূলক কম। সেখানে আসা বেশিরভাগ মানুষ মেডিক্যাল ভিসার কাজ বা পাসপোর্ট সংগ্রহের জন্য এসেছেন। পর্যটন ভিসার আবেদন জমা দিতে আসা মানুষের সংখ্যা ছিল খুবই সীমিত।

আবেদনকারীদের একজন ইন্দ্রজিৎ বলেন, দীর্ঘদিন পর ভিসা চালু হওয়ায় তারা খুশি হলেও স্লটভিত্তিক আবেদন ব্যবস্থার কারণে প্রক্রিয়াটি কিছুটা জটিল হয়ে পড়েছে। আরেক আবেদনকারী শফিকুল ইসলাম জানান, ভ্রমণ ভিসা চালু হওয়া ইতিবাচক হলেও স্লট ব্যবস্থা অনেককে ভোগান্তিতে ফেলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন থেকে পর্যটন ভিসার আবেদন অনলাইন স্লট বুকিংয়ের মাধ্যমে জমা নেওয়া হবে। নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনকারীদের আইভ্যাক কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে। প্রতিদিন নির্ধারিত সংখ্যক আবেদনই গ্রহণ করা হবে।

এর আগে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেয় ভারতীয় হাইকমিশন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে নিয়মিত ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। পরে ধাপে ধাপে কিছু ক্যাটাগরির ভিসা চালু হলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।

শীর্ষনিউজ