Image description

বগুড়ায় ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত ডা. সামির হোসেন মিশু জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

গতকাল রবিবার বিকালে তাকে জামিন দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৌশিক আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ। তিনি জানিয়েছেন, গতকাল রবিবার আদালতে জামিন শুনানি শেষে বিচারক ডা. সামিরকে জামিন দেন। সোমবার দুপুরে মুক্তি পান কারাগার থেকে।

ডা. সামির হোসেন মিশুর বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। তিনি বর্তমানে বাগেরহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত।

এ ছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতি। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। তার বিরুদ্ধে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে সম্পৃক্তার অভিযোগ।

পুলিশ জানিয়েছে, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে শেরপুরের একটি রেস্টুরেন্টে এক চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন ডা. সামির। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে ২০২৪ সালের ২২ অক্টোবর বগুড়া সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বগুড়া শহরের বড়গোলায় ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আহত এক শিক্ষার্থীর করা মামলায় আসামি করা হয় ডা. সামিরকে।