Image description

হামের উপসর্গে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। কারও হাম শনাক্ত হয়নি। এ নিয়ে হাম ও এই রোগের উপসর্গে মৃতের সংখ্যা ৭০২।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মারা গেছে ৭০২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৭ হাজার ৫২২ শিশুর। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৭ হাজার ৬১৩ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১১ হাজার ৫৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।