Image description

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর জরুরি পরিস্থিতি মোকাবিলা ইউনিটের ৫৪ জন সদস্য উদ্ধার অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই বিশেষ দলটিতে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরের পাশাপাশি উদ্ধারকাজে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ শনাক্ত করতে সক্ষম উদ্ধার ক্যামেরা ও ভূকম্পন শনাক্তকারী যন্ত্র (জিওফোন) অন্তর্ভুক্ত রয়েছে।

 
 
 

অন্যদিকে নেদারল্যান্ডসও ভেনেজুয়েলায় একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। দেশটি এ লক্ষ্যে প্রায় ২০ লাখ ইউরো বরাদ্দ করেছে।

 
 

ডাচ সরকারের পরিকল্পনা অনুযায়ী, উদ্ধারকর্মী এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম দ্রুত ভেনেজুয়েলায় মোতায়েন করা হবে।

 

উল্লেখ্য, শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

সূত্র : আল জাজিরা