Image description

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৯ জেলায় সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বজ্রপাত হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজের বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানান হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, মাগুরা, ফরিদপুর, নড়াইল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় বজ্রপাতের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

সতর্কবার্তায় আরও বলা হয়, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন বা শেষ হওয়ার পরেও যদি বজ্রপাতের শব্দ শোনা যায়, তবে সর্বশেষ বজ্রধ্বনি শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের আঘাতের ঝুঁকি থাকে।