Image description

অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে ১৩ বছর আগে বরখাস্ত হওয়া জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামান এ্যাপোলোকে পুনর্নিয়োগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. লুৎফর রহমান স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একে এম ওয়াহিদুজ্জামান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের বিষয়টি জানান।

২০১৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে অশ্লীল ও মানহানিকর উক্তি করার অভিযোগে একেএম ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই সময় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং কারাগারেও যেতে হয়। তিনি সেই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিল, ফৌজদারি মামলার দায়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং কারাগারে সোপর্দ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮এর ১০(৪) ধারা মোতাবেক একেএম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বরে তাঁকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একেএম ওয়াহিদুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ জুন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছেন বলে ফেসবুকে শেয়ার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য লুৎফর রহমান বলেন, তাঁর (ওয়াহিদুজ্জামান) সঙ্গে সেই সময় অন্যায় হয়েছিল। তিনি বিগত সরকারের সময়ের বৈষম্যের শিকার। এ কারণে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে তাঁকে অধ্যাপক পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, চাকরির অভিজ্ঞতা, দক্ষতা ও বৈষম্যের শিকার নাহলে তিনি বর্তমানে যে অবস্থানে থাকতেন—এসব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে তাঁর পুনর্নিয়োগ হয়েছে। দেশের বাইরে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর যোগদানের বিষয়টি বিবেচনা করেছে।