Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের চার মাস অতিবাহিত হলেও সংসদ সচিবালয় থেকে এখনো টেলিফোন গাইড (নির্দেশিকা) পাননি সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের কাছে দেওয়া এক নোটিশে এই সমস্যার কথা জানান রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।

নোটিশে মুজিবুর রহমান বলেন, ‘সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে অন্য সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য এবং জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের নাম ও যোগাযোগ নম্বর পাওয়া জরুরি। সাধারণত শপথ গ্রহণের দিনই নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর সংসদ কার্যালয়ে জমা নেওয়া হয়। এক-দুই মাসের মধ্যে সংশ্লিষ্টদের তথ্য সংবলিত একটি জরুরি ক্যাটালগ বই প্রকাশ করা হয়। অথচ চার মাস হতে চলল, এখনো তা পাওয়া যায়নি।’ কত দিনের মধ্যে এই মূল্যবান বইটি পাওয়া যাবে, তিনি তা স্পিকারের কাছে জানতে চান।

মুজিবুর রহমানের নোটিশের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদ সদস্যের নোটিশের বিষয়টি সংসদ সচিবালয় সম্পর্কিত। জাতীয় সংসদ সচিবালয়ে টেলিফোন সহায়িকা ২০২৬ প্রকাশের কাজ চলমান রয়েছে। বেশ কয়েকজন সংসদ সদস্য তাঁদের ব্যক্তিগত তথ্যাদি এখনো জমা দেননি, ফলে কিছুটা অসুবিধা হচ্ছে। এ ছাড়াও সংসদীয় কমিটিসমূহ শিগগির গঠন করা হবে। এই কমিটি গঠন সম্পন্ন হলেই যথাসময়ে টেলিফোন সহায়িকা প্রকাশিত হবে।’

স্পিকারের জবাবের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘সংসদ সদস্যদের বিভিন্ন কাজের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হয়। কিন্তু মন্ত্রণালয়ের টেলিফোন সহায়িকা তাঁদের কাছে না থাকায় প্রত্যেকেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ‘যেসব গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর আছে, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেগুলো সংবলিত একটি টেলিফোন সহায়িকা সংসদ সদস্যদের জন্য সরবরাহ করব।’