ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। বর্তমানে দেশ গঠনের কাজ চলছে এবং এই সময়ে জাতি আর কোনো অস্থিরতা চায় না। আগামীকাল ২৩ জুন পরাজিত স্বৈরশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সজাগ থাকতে হবে।
সোমবার (২২ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই আহ্বান জানান।
বিবৃতিতে প্রশ্ন রেখে মাওলানা ইউনুস আহমদ বলেন, এই পরিস্থিতিতে সেনা মোতায়েন করার বিষয়টি জনমনে প্রশ্ন তৈরি করেছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে উৎখাত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন বড় ধরনের কোনো সহিংসতা করার মতো সক্ষমতা আছে কিনা তা যথেষ্ট প্রশ্নসাপেক্ষ।
তিনি আরও বলেন, যে শক্তি রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে, সেই শক্তি মোকাবিলায় এখন সেনাবাহিনীর প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা ইউনুস আহমদ বলেন, জাতির সঙ্গে আপনারা যে অপরাধ করেছেন তার দায় স্বীকার করুন। নিজেদের অপরাধ মেনে নিয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর যারা সরাসরি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। তা না করে আপনারা যদি পুনরায় সহিংসতা করার চেষ্টা করেন, তবে আপনাদের রাজনৈতিক অস্তিত্বের বিলুপ্তি আরও ত্বরান্বিত হবে।