জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘মুজিব শতবর্ষ’র লোগো সংবলিত খামে চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে টাঙিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে।
ডাকযোগে পাঠানো চিঠিটি সোমবার (২২ জুন) দুপুরে হাতে পান জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের মোহাম্মদ সবুজ।
চিঠিটি কে পাঠিয়েছে তার কোন নাম উল্লেখ করা হয়নি।
চিঠির খামটিতে বাম পাশে মুজিব শতবর্ষের একটি লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।
হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা ওই চিরকুটে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় চরম হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম, পরে শুনতে পারলাম আবু তালেব নামে একজন লোক চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যায়। পরে ডাক অফিসে গেলাম, তারা বললো এটা ইসলামপুর থেকে আসছে, ওই ঠিকানায় দেওয়া হয়েছে। আমার বিএনপি-আওয়ামী লীগ কারও সঙ্গে শত্রুতা নাই। তারপরও কে যে দিলো আমি বলতে পারলাম না।’
তবে এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি বা জিডি করেননি বলে জানান সবুজ।
জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।