মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভারতের কাছ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করছে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আলোচনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত অগ্রসর হচ্ছে। সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে ভারতের প্রতিরক্ষা রপ্তানির নতুন অধ্যায় শুরু হতে পারে।
ভারতের চারটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ইউএই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশতীর’ কেনার বিষয়েও আগ্রহ দেখিয়েছে।
সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের পর ইউএই প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ বাড়াতে চাচ্ছে। তবে এখন পর্যন্ত ভারত বা ইউএই—কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি, যা স্থল, সমুদ্র ও আকাশ—তিন প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে আকাশতীর ভারতের একটি স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অস্ত্র ক্রয় ইউএইকে একাধিক উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের সুযোগ দেবে এবং তাদের কৌশলগত স্বাধীনতা বাড়াবে।
তবে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে, কারণ ব্রহ্মস যৌথভাবে ভারত ও রাশিয়া তৈরি করেছে।
এর আগে ২০২২ সালে ফিলিপাইনের কাছে প্রথমবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানি করেছিল ভারত। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
শীর্ষনিউজ/