বাগেরহাটের খান জাহান আলীর মাজারে দাঁড়িয়ে নিজের মাথায় নিজে জুতো পেটা করে বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এক নারী কর্মী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওটি ঘটনাটি সামনে এসেছে।
রবিবার (২১ জুন) মাজার প্রাঙ্গণে একজন নারী রাজনৈতিক কর্মী দলের শীর্ষ ও স্থানীয় নেতাদের ওপর ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে এই কাণ্ড ঘটান। এসময় তিনি নিজের মাথায় নিজে জুতো দিয়ে আঘাত করে প্রকাশ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়ার ঘোষণা দেন। যদিও ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জন্মের পর থেকে বিএনপি করেছি বলে আজকে নিজের জুতো দিয়ে নিজের মাথায় পিটাচ্ছি। আর কোনোদিন দল করব না, করব না, করব না। কোনো কাজে যাব না, যাবে না, যাব না। জুতোর বাড়ি আমার কপালে, মাথায়, সব জায়গায়।’
তবে ক্ষোভের কারণ হিসেবে পোস্টের কমেন্টে দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে মন্তব্য করেন। তাদের মতে সাধারণ ও তৃণমূল কর্মীদের ত্যাগ স্বীকারের তুলনায় নেতারা তাদের মূল্যায়ন করেন না। দলের কিছু নেতা সুযোগ-সুবিধা পেয়ে ব্যাংক, বাড়ি ও গাড়ির মালিক হলেও সাধারণ কর্মীদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। তাই দলের নেতাকর্মীরা এমন হতাশায় ভুগছেন বলে মন্তব্য করতে দেখা যায় অনেককে।