Image description

কুমিল্লায় বিধবা নারীর করা ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহম্মেদ প্রধানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

রোববার (২১ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

 

আসামিপক্ষের আইনজীবী সহিদ উল্লাহ এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। বিচারক দুই পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জিসান আহম্মেদকে আদালতে তোলে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক দুই দিনের রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদ শেষ আগামী তিন দিনের মধ্যে তাকে পুনরায় আদালতে আনার জন্য নির্দেশ দেন।

 

গত ১২ জুন রাতে ওই নারী দাউদকান্দি মডেল থানায় জিসান আহম্মেদকে প্রধান আসামি করে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাটিতে আসামি করা হয়েছে চারজনকে। মামলায় ওই নারীকে একাধিকার ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ আনা হয়েছে।

 

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর একই দিন কুমিল্লার রেলওয়ে জংশন এলাকায় অচেতন অবস্থায় জিসান আহম্মেদকে উদ্ধার করা হয় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়। রাতেই তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসান আহম্মেদকে ওই নারীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ ঘোষণার হাসপাতাল থেকে ছাড়পত্র পান জিসান আহম্মেদ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আদালতে তোলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।