ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামর পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব।
ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার একটি গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।
ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামের আরবী শেখে শিশুটি। তার সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবী শেখে। শনিবার বিকেলে শিশুটি আরবি শিখতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়। শিশুটির মা তার কন্যার খোঁজে গিয়ে মসজিদের ভেতর তার কন্যাকে শাহিনুর ইসলাম ধর্ষণ করতে দেখেন।
শিশুটির মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে শাহিনুর ইসলামকে আটক করেন। তারা শাহিনুর ইসলামকে মারধর করে। পরে মসজিদের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ শাহিনুর ইসলামকে থানায় নিয়ে যায়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।
শিশুটির মা বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।