কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করেছেন। তাঁর এই অংশগ্রহণকে ঘিরে স্থানীয়ভাবে প্রশংসা ও আলোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশে একটি মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার খুতবায় মো. মিজানুর রহমান ইসলামের মৌলিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং শৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
খুতবা শেষে তিনি জুমার নামাজে ইমামতি করেন বলে উপস্থিত মুসল্লিরা জানান। এ সময় স্থানীয় মুসল্লিরা তাঁর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন ধর্মীয় ও সামাজিক অংশগ্রহণ স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সহায়ক হবে।
এর আগে ঈদুল আজহায়ও তিনি সবাইকে একত্রে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছিলেন বলে জানা যায়। স্থানীয়দের মতে, প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
শীর্ষনিউজ