Image description

বিএনপি এখন জামায়াতে ইসলামীকে গুপ্ত ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। তবে এই ধরনের রাজনৈতিক বয়ান একসময় উল্টো বিএনপির দিকেই ব্যাকফায়ার করতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আকবর হোসেন।

 

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপন-এ তিনি এসব কথা বলেন।

 

আকবর হোসেন বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের পর থেকে বিভিন্ন সমালোচনাকে জামায়াত-শিবির তকমা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করেছে। কেউ বাজার ব্যবস্থা নিয়ে কথা বললে তাকে শিবির বলা হতো, সড়ক দুর্ঘটনা নিয়ে সমালোচনা করলে বলা হতো সে যুদ্ধাপরাধীদের বিচার চায় না, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও তাকে জামায়াতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হতো।

 

তিনি বলেন, একপর্যায়ে আওয়ামী লীগ এত বেশি এই ন্যারেটিভ ব্যবহার করেছে যে নিজেদের দলের লোকজনকেও সন্দেহ করতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককেও ছাত্রলীগ বা আওয়ামী লীগের ভেতর থেকে জামায়াত করেন এমন কথা শুনতে হয়েছে। এতে দলটি অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আকবর হোসেনের ভাষায়, বিএনপির ভেতরেও এখন এ নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দলের ভেতরের ভুলত্রুটি নিয়ে খোলাখুলি সমালোচনা করতে ভয় পান। কারণ যেকোনো সময় তাকে শিবির বা গুপ্ত তকমা দেওয়া হতে পারে।

 

তিনি বলেন, এটা বিএনপির মতো দলকে ইন্টারনালি ভেঙে ফেলবে। একটা দল এখন ক্ষমতায় এসেছে মাত্র দুই মাস হলো, তারা এই ন্যারেটিভের মধ্যে ঢুকবে কেন?