Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ফ্যাসিবাদকে বিদায় করেছেন। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন। বাংলাদেশকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা তুলে দাঁড় করানোর জন্যই আগামী দিনের বিপ্লব সংগঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জামায়াত আমির দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের ভূমিকার ওপর বিশেষ জোর দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "সরকার যদি কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে আমরাও তাদেরকে ছেড়ে কথা বলব না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে যেকোনো আপোসহীন অবস্থান বজায় রাখা হবে।"

১১-দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ থেকে মূলত তিনটি প্রধান দাবি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত গণভোটের রায় দ্রুত এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি। সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক ভোগান্তি ও সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া। লাগামহীন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা।

এর আগে সকালে প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বিভাগীয় সমাবেশে যোগ দিতে খুলনা পৌঁছালে সার্কিট হাউজে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

শীর্ষনিউজ/