Image description

আগামী আগস্ট মাসে টানা চার দিন ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির আওতায় এ ছুটি ভোগের সুযোগ পাবেন তারা।

 

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টি নির্ভর করবে।

 

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর নির্ধারিত ছুটির পর ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি। এ অবস্থায় ২৭ আগস্ট বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চার দিন অবকাশ যাপনের সুযোগ পাওয়া যাবে। দূরে থাকার সুযোগ মিলবে কর্মস্থল থেকে।

 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে দেশের জরুরি সেবা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতাভুক্ত প্রতিষ্ঠান এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহের পাশাপাশি ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে।

 

এ ছাড়া হাসপাতাল, চিকিকৎসাসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।