Image description

নাটোরে বিয়ের এক মাস পর নিজ শয়নকক্ষ থেকে রাহুল রাহাত ও লিজা খাতুন নামের এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকা থেকে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রাকিব হোসেন একই এলাকার দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন। রাকিব হোসেনের স্ত্রী লিজা খাতুন ছিলেন গৃহিনী।

পরিবারের বরাত দিয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, রাহুল রাহাত ও লিজা খাতুন প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন।
বিয়ের কয়েকদিন পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। অল্প কয়েকদিন পূর্বে তারা আবারো নিজেরা মিমাংশা করে সংসার শুরু করে। কিন্তু তাদের দারিদ্রতার সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

ওসি জানান, শুক্রবার দুপুরে রাকিব হোসেন তার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে আসেন। এরপর তারা সবাই একসঙ্গে দুপুরের খাওয়া শেষে নিজ নিজ ঘরে চলে যায়। বিকেল চারটার দিকে তাদের কোন সারা শব্দ না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারে সদস্যরা ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি মনসুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।