Image description

রাজশাহীর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পর বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিতরা।

 

কমিটি ঘোষণার পর শুক্রবার (১৯ জুন) বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা।

 

এর আগে, এদিন দুপুরে রাজশাহীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। পদ না পাওয়া কর্মীরা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন।

 

পরে বিকেল চারটায় রাজশাহী সরকারি সিটি কলেজের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাদিঘির মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

 

 

এ সময় নগরীর সোনাদিঘির মোড়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাগবিতণ্ডা থেকে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

এ ছাড়া রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও পদবঞ্চিত কর্মীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।

 

নগরীর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে নতুন কমিটি বাতিল, পুনর্গঠন এবং পদবণ্টনে স্বচ্ছতার দাবিতে স্লোগান দেওয়া হয়।

 

এ বিষয়ে জানতে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিনের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল না রিসিভ করায় বক্তব্য পাওয়া যায়নি।

 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা সোনাদিঘির মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এলে তারা চলে যান।