শেরপুর শহরের এক ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করা হয়েছে। এ সময় ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে অভিযান চালানো হয়। পরে গুদামটি সিলগালা করা হয়েছে। আটক মো. বোরহান উদ্দিনের (৪২) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা।
অভিযানে আটক মিলমালিক মো. বোরহান উদ্দিন শহরের কসবা ভাটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন। অভিযোগ রয়েছে, কম দামে সরকারি পুরোনো চাল সংগ্রহ করে নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন তিনি।
সদর থানা পুলিশ জানায়, জেরিন রাইস মিলে সরকারি ৫০ কেজি বস্তার চাল নতুন ৩০ কেজির বস্তায় ভরে বাজারজাতের চেষ্টা চলছিল। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দ চালের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। জব্দ ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল।
অভিযানের নেতৃত্ব দেওয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, সরকারি খাদ্য কর্মসূচির চাল জব্দের পর গোডাউনটি সিলগালা করা হয়েছে। সরকারি চাল সেখানে কেন ও কীভাবে মজুত করা হয়েছে— এ বিষয়ে আটক ব্যবসায়ী বোরহান উদ্দিন সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তাঁর বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হবে। জব্দ চালের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।