Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া কমিটিতে পদ পাওয়া বাকিরা হলেন-আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওন। তাদের সবাইকে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আহ্বায়ক ভর্তি হয়েছিলেন দেড় যুগ আগে, সদস্য সচিব এক যুগেরও বেশি আগে
মোস্তাফিজুর রহমান শুভ ২০০৮-০৯ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়ে ২০১২ সালে স্নাতক শেষ করেছেন। এরপর স্নাতকোত্তর শেষ করে বর্তমানে সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি আছেন বলে জানা গেছে। সে হিসেবে শুভ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন প্রায় ১৮ বছর, অর্থাৎ দেড় যুগ আগে।

আর সদস্য সচিব আবুল বাশার ২০১২-১৩ শিক্ষাবর্ষে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। এরপর তিনি স্নাতক শেষ করলেও ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্নাতকোত্তর শেষ করতে পারেননি। পরে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের সঙ্গে স্নাতকোত্তরে ভর্তি হলেও পরীক্ষা দেননি বলে জানা গেছে।