মানিকগঞ্জে উন্নয়নমূলক টেন্ডারের কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকা এবং কাজের ধীরগতিকে কেন্দ্র করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার প্রকাশ্য অসন্তোষ ও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির চার দিনের মাথায় মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খানকে খাগড়াছড়ি পৌরসভায় বদলির আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে খাগড়াছড়ি পৌরসভায় বদলির নির্দেশ দেওয়া হয়। একই আদেশে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে মানিকগঞ্জ পৌরসভায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় মানিকগঞ্জ পৌরসভার প্রকল্প কাজে ধীরগতির বিষয়ে নির্দেশনার পরও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতার কথা জানান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সেই সময় মন্ত্রী বলেন, ‘আপনি যদি কাজ করতে না পারেন, তাহলে আপনাকে মানিকগঞ্জে রেখে লাভ নেই।’ সেই হুঁশিয়ারির চার দিনের মাথায় তাকে খাগড়াছড়িতে বদলি করা হলো।
বদলির আদেশে বলা হয়েছে, আগামী ২৮ জুনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ জুন থেকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে ঘুষ সংক্রান্ত অভিযোগ এবং ঠিকাদারের কার্যাদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তৎকালীন নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেনকে রাজবাড়ী পৌরসভায় বদলি করা হয়েছিল। পরে রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আজিজ খানকে মানিকগঞ্জ পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়।