Image description

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে (র‍্যাব-৪।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এর আগের দিন বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদ্রাসার অভিভাবকদের জন্য নির্ধারিত ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে অবৈধ কিছু রাখা হয়েছে। পরে একটি টহল দল সেখানে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে টয়লেটের মেঝেতে রাখা ইট সরিয়ে একটি ছেঁড়া শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তবে অস্ত্রটি কীভাবে সেখানে এলো বা কারা রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।

শীর্ষনিউজ