চলমান বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসামান্য পারফরম্যান্স দেখিয়ে রাতারাতি আলোচনায় আসা কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহার মা অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন।
আগামী সোমবার ভোর ৪টায় মিয়ামিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সাথে তার মায়ের আবেগঘন পুনর্মিলন ঘটতে যাচ্ছে।
হাকিম জেফরিস জানান, ভোজিনহা এবং তার মা ‘সোমবারের ম্যাচের আগেই মিয়ামিতে একত্রিত হতে যাচ্ছেন।
বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোলশূন্য (০-০) ড্র করে সবাইকে চমকে দেয় পুঁচকে দেশ কেপ ভার্দে। সেই ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের শুরুর দিকেই টক অব দ্য টুর্নামেন্টে পরিণত হন ভোজিনহা।
মূলত মার্কিন ভিসার জন্য প্রয়োজনীয় জামানতের বিপুল খরচের কারণে ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা ছেলের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারছিলেন না।
বিষয়টি জানতে পেরে মার্কিন প্রতিনিধি পরিষদের মাইনরিটি লিডার হাকিম জেফরিস যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে বিশেষ অনুরোধ জানান, যেন মানবিক দিক বিবেচনা করে ভোজিনহার মায়ের ভিসার ব্যবস্থা করা হয়।
ডেমোক্র্যাট এই নেতা জানান যে, এই বিশেষ অনুরোধের পর আনা কান্দিদার সমস্ত ভিসা ফি মওকুফ করা হয়েছে এবং কেপ ভার্দের পরবর্তী ম্যাচ দেখার জন্য তার মিয়ামিতে আসার সমস্ত ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে।
এই পুরো প্রক্রিয়াটি দ্রুত সফল করার জন্য জেফরিস বলেন, ‘আমি সেক্রেটারি রুবিও, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ধন্যবাদ জানাই, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।’
আগামী সোমবার ভোরে গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। আর সেই ম্যাচে মিয়ামির গ্যালারিতে বসেই ছেলের জন্য গলা ফাটাবেন মা আনা কান্দিদা।