দুই ওমান প্রবাসী যুবকের দুধ দিয়ে গোসল করে জুয়া ও প্রেম ছেড়ে দেওয়ার শপথ নেওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, হাতিয়া উপজেলা-এর নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমান-এ কর্মরত। সম্প্রতি তারা স্থানীয় সহকর্মীদের উপস্থিতিতে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে অতীতের ভুল জীবন থেকে সরে আসার ঘোষণা দেন।
প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদ দীর্ঘদিন ধরে তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন। উপার্জনের একটি বড় অংশ এসব কাজে ব্যয় করতেন, ফলে পরিবারে অর্থ পাঠানো অনিয়মিত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের বিদেশে পাঠালেও তারা দায়িত্বশীল আচরণ করছিলেন না।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বহুবার বোঝানোর পরও তারা অভ্যাস পরিবর্তন না করায় সম্প্রতি তাদের দুধ দিয়ে গোসল করিয়ে নতুনভাবে জীবন শুরু করার শপথ করানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে জুয়া ও প্রেম থেকে দূরে থাকার অঙ্গীকার করছেন। উপস্থিত লোকজন তাদের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ একে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন।
এ বিষয়ে সাকিব ও সম্পদ জানান, অতীতে তারা ভুল করেছেন। অনুশোচনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে জুয়া, তাস খেলা বা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলেও প্রতিশ্রুতি দেন এবং সবার কাছে দোয়া চান।
শীর্ষনিউজ