Image description

দেশের আরো ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলছিলেন, ‘ঢাকার পাশের ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে। জেলাগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।’

রেলমন্ত্রী উল্লেখ করেন, রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কী পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামীতে কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে— সে বিষয়ে একটা মিটিং ছিল আজ। সেখানে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বিষয়গুলো জেনেছেন এবং তার মতামতও যুক্ত করেছেন। সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি এবং সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওই সভায়।

‘এরই মধ্যে আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। যেমন- আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া। একই সময়ে ধীরাশ্রমে একটা আইসিডি কনটেইনারের প্রকল্প এরই মধ্যে পাস হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটারগেজ, আর কিছু হচ্ছে ব্রডগেজ’, যোগ করেন তিনি।