নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় অনিক মিয়া (২৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭)। আহত দুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে রায়পুরা উপজেলার দড়িগাঁও ও হরিপুর বাজার এলাকায় পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।
নিহত অনিক মিয়া নীলিক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে অনিক নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে স্থানীয় হান্নান, জবা মেম্বার, আবেদ আলীসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে অনিককে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে একই সময় রায়পুরার হরিপুর বাজার এলাকায় আরও একটি গুলির ঘটনা ঘটে। বাজারে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা রাজু ও মোস্তফা কামালকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শীর্ষনিউজ