Image description

ফরিদপুরে কুকুরের মুখ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক বয়স ৫ থেকে ৬ মাস হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

সোমবার (১৪ জুন) জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়লার স্তূপে একদল কুকুর নবজাতকের রক্তমাখা লাশটি নিয়ে টানাটানি করছিল৷ বিষয়টি দেখে স্থানীয় কয়েক ব্যক্তি এগিয়ে যায় এবং নিশ্চিত হয়ে ৯৯৯- এ কল দিয়ে পুলিশকে অবগত করেন।

পরে কোতোয়ালি থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়৷ 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করে লাশটি রাতের আঁধারে ফেলে রেখে গিয়েছে৷ ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।