রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাঁচাতে কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার বিষয়টি উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, মন্ত্রীর পেছনে কেন আমরা টাকা নিয়ে ঘুরব? মন্ত্রী যদি এমন কথা বলে থাকেন তাহলে সেটা তাকেই প্রমাণ করতে হবে।
সোমবার (১৫ জুন) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
হাইকোর্টে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা রিটের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নয় বলে জানান তিনি।
শেখ মহিউদ্দিন বলেন, ঠিক কী কারণে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও সুস্পষ্ট করা হয়নি কী কারণে মারা গেছে। মৃত নবজাতকদের ময়নাতদন্তও হয়নি।
এর আগে, গত শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই যে আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো টাকার প্রতি লোভ হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।