বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট দীর্ঘ একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার বিকালে সাপটি উদ্ধার করা হয় নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিক থেকে।
সাপটি উদ্ধার করেছেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান জানিয়েছেন, এসি খুলে বাসায় নেওয়ার জন্য কোম্পানির কর্মীরা এলে তারা যন্ত্রটির ভেতরে একটি সাপ দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হলে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। খবর পেয়ে তিনি দুপুরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চার ফুট দীর্ঘ কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়। তার ধারণা, ক্লিনিকের পেছনের ঝোপঝাড় থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা অংশ দিয়ে সাপটি ভেতরে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, ক্লিনিক কর্তৃপক্ষ দুটি সাপ দেখার দাবি করলেও উদ্ধার অভিযানে একটি সাপই পাওয়া গেছে। উদ্ধার হওয়া কালনাগিনীটি পূর্ণবয়স্ক হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে দুই জোড়া, অর্থাৎ চারটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। অল্প সময়ের ব্যবধানে অফিস ও ক্লিনিক থেকে একাধিক সাপ উদ্ধারের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।