Image description

উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

গত রোববার প্রকাশিত সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ থেকে ২১ জুনের মধ্যে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ভারী বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীসহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে এক-দুই দিনের মধ্যে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সঙ্গে সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, কংস, মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শীর্ষনিউজ