Image description

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকা নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শালবন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অর্পনা ধর (৪০)। তিনি খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম অপু ধর। তারা শালবন এডিসি এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।