Image description

শেরপুরের শ্রীবরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত সাব-অফিসার মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে অফিস চত্বরে বহিরাগত এক নারীকে নিয়ে নাচ-গান করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই টিকটক ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সরকারি স্টেশন প্রাঙ্গণের ভেতরে এক নারীর সঙ্গে আপত্তিকর নাচ-গানের ভঙ্গিতে অংশ নিচ্ছেন খোদ স্টেশন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন। স্থানীয় সচেতন মহলের দাবি, একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রধানের কাছ থেকে সরকারি দপ্তরের অভ্যন্তরে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এবং তা বাহিনীর ভাবমূর্তির সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীবরদী ফায়ার স্টেশনের এক কর্মচারী বলেন, এ ধরনের সস্তা ও অপেশাদার কর্মকাণ্ড প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও কর্মপরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এখন সাধারণ মানুষের কাছে আমাদের চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

 

সাতানী শ্রীবরদী মহল্লার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন অপেশাদার আচরণ প্রত্যাশিত নয়। সরকারি অফিস প্রাঙ্গণে ব্যক্তিগত সস্তা বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের মর্যাদা ও সুনামকে ধূলিসাৎ করেছে।

 

স্থানীয়দের অভিযোগ, এর আগেও ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগত নারীদের এনে নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়েছিল, যা নিয়েও এলাকায় তুমুল সমালোচনা হয়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সাব-অফিসার মো. আশরাফ উদ্দিন অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মূলত টিকটক ভিডিও করার উদ্দেশ্যেই ভিডিওটি করা হয়েছিল। এখন অনেকেই টিকটক করেন, আমিও শখ করে করেছি।’ তবে সরকারি দপ্তরের ভেতরে ইউনিফর্মধারী বা দায়িত্বশীল পদে থেকে এ ধরনের ভিডিও ধারণ করা সমীচীন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কাজটি করা আমার ঠিক হয়নি।’

 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুর ও শেরপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, ‘অফিস চত্বরে একজন স্টেশন কর্মকর্তার এমন সস্তা কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। বিভাগীয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’