Image description

চাঁপাইনবাবগঞ্জে রোকনপুর সীমান্ত দিয়ে এবার নদীপথে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ জুন) রাত পৌনে ১টার দিকে রোকনপুরের ২২০ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়।

বিষয়টি টের পেয়ে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ২ পুরুষ, ৮ নারী ও ৫ শিশুর দলটিকে ফিরিয়ে নেয় বিএসএফ।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জনকে নৌকায় বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, বিজিবির কঠোর অবস্থানের কাঠে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ সদস্যরা দলটিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতর ফিরিয়ে নেয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।