Image description

‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের আওতায় নেপালের বিশিষ্ট ব্যক্তিদের কাছে বাংলাদেশের উন্নতমানের আম পৌঁছে দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কূটনৈতিক সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে গ্রহণ করা হয়েছে এ উদ্যোগ।

দূতাবাস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।

উপহার হিসেবে পাঠানো আমগুলো বাংলাদেশের আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে করা হয়েছে সংগ্রহ। সতেজতা ও গুণগত মান নিশ্চিত করে সেগুলো পাঠানো হয় কাঠমান্ডুতে।

দূতাবাস জানায়, উপহার হিসেবে দেওয়া স্থানীয় জিআই সনদপ্রাপ্ত ‘ক্ষীরশাপাত’ জাতের আম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু আম হিসেবে পরিচিত।

বাংলাদেশ দূতাবাসের মতে, এ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠতার প্রতিফলন।

একই সঙ্গে এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উষ্ণতা, শুভেচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখবে।