Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে (পলিটিকাল কাউন্সিল-পিসি) নতুন করে ছয়জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে পর্ষদটির সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

 

নতুন সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ; যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ ও সালেহ উদ্দিন সিফাত; এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার দিবাগত রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লিখিত ছয় কেন্দ্রীয় নেতাকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে সম্প্রতি সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ও আইনজীবী আব্দুল্লাহ আল আমিনকেও রাজনৈতিক পর্ষদের সদস্য করা হয়।

বর্তমানে রাজনৈতিক পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।