গাজীপুরের শ্রীপুরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় এ মিছিল ও পথসভা হয়।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভা করা হয়। মিছিল ও পথসভায় যুবলীগ ছাড়াও আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ‘কাম ব্যাক শেখ হাসিনা’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
পথসভায় যুবলীগ নেতা সজিব বলেন, আজকের এই মিছিলের পরে আমি-আমরা গ্রেপ্তার হতে পারি। যদি আমাদের ফাঁসির কাষ্ঠেও নিয়ে যাওয়া হয়, তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পক্ষে আমরা আপসহীন থাকব। শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা থেকে আমরা পিছপা হব না।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ছুটিতে রয়েছি। তবে ঘটনাটি শুনেছি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছে।’