Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, ইরানের শীর্ষ নেতৃত্ব এই শান্তি চুক্তির চূড়ান্ত শর্তাবলীতে সম্মত হয়েছে। জর্জিয়ার গভর্নর পদপ্রার্থী বার্ট জোন্সের পক্ষে আয়োজিত এক টেলিফোন সমাবেশে ট্রাম্প ঘোষণা করেন যে, তিনি ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার অবসান ঘটিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে এই সমঝোতা স্মারকটি যদি শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়, তবে এর আওতায় আগামী ৬০ দিনের মধ্যে ইরানের অবরুদ্ধ ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিশাল তহবিল মুক্ত হবে।

ইরানের পারমাণবিক আলোচনা দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মেহর নিউজ এজেন্সি শুক্রবার জানিয়েছে, এই চুক্তির ফলে চূড়ান্ত আলোচনার ৬০ দিনের মেয়াদের মধ্যেই ইরানের অবরুদ্ধ তহবিলের ২ হাজার ৪০০ কোটি ডলার অবমুক্ত করার সুযোগ তৈরি হবে।

বার্তা সংস্থাটি আরও উল্লেখ করেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিশাল অঙ্কের অর্থের ঠিক অর্ধেক বা ১২ বিলিয়ন ডলার আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই ইরানকে দেওয়া হবে বা দেশটির ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি সই হতে পারে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ইউরোপের কোনও দেশে অনুষ্ঠিত হতে পারে।