Image description

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব না দিয়ে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটিকে শোকজ করে জানতে চায়, ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের কারণে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। জবাব দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল, যা রোববার (৭ জুন ২০২৬) বিকেল ৫টায় শেষ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে।

সময় বৃদ্ধির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে আদ-দ্বীন হাসপাতালে অবহেলায় নবজাতকদের মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আইনি উপদেষ্টা শিশির মনির।

ঘটনাটি ঘটে গত ২৭ মে ভোরে। মগবাজারের ওই হাসপাতালে দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে অক্সিজেন ঘাটতি তৈরি হয় ও কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়।

তদন্তে আরও উঠে আসে, নবজাতকদের অবস্থার অবনতি হলেও সেখানে কার্যকর কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না, চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং নার্সদের দায়িত্বে গুরুতর অবহেলা ছিল।

এসব অনিয়ম ও অব্যবস্থাপনার ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ জারি করে।

শীর্ষনিউজ/